কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলেন ঢাবি ছাত্রদলের দুই নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১২:৪৯:০৮
ছবি: সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের দুই নেতা। তারা হলেন স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন। তাঁর ভাষ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি পৌঁছালে তাঁদের সফরের ব্যবস্থা করা হয়।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের কপ-৩১ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও তুরস্ক সফরের কথা রয়েছে।

দুই শিক্ষার্থীর মধ্যে ফেরদৌস সিদ্দিক সায়মন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। মাহির ইবনে ওমর যুক্ত রয়েছেন গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’-এর সঙ্গে। রাজধানীর নটর ডেম কলেজে পড়ার সময় থেকেই পরিবেশ ও জলবায়ু বিষয়ে তাঁদের আগ্রহ তৈরি হয়।

সম্মেলনে যাওয়ার সুযোগ প্রসঙ্গে সায়মন জানান, আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন সীমিত থাকায় এবার কপ-৩১-এ অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়।

এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সায়মন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকটের মুখোমুখি হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ হিসেবে সম্মেলনটিকে দেখছেন তাঁরা। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো বিষয়গুলোতে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে চান দুই তরুণ প্রতিনিধি।

সায়মন বলেন, কপ-৩১-এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দেশটিকে ব্যাপকভাবে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলে ধরবেন তাঁরা। বিশেষ করে ঋণের পরিবর্তে অধিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে আর্থিক অনুদান দেওয়ার দাবিতে সোচ্চার থাকবেন।

তাঁদের এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের সংকট, তরুণদের প্রত্যাশা ও সম্ভাব্য সমাধানের বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি