জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন তিনি। এনসিপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে মনিরা শারমিনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা শেষে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করেছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থাকে পরামর্শ দিচ্ছেন।
কপ-৩১ সম্মেলনে নিজের অংশগ্রহণের উদ্দেশ্য তুলে ধরে মনিরা শারমিন জানিয়েছেন, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে চান তিনি।
তার ভাষ্য, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ যথাযথভাবে রক্ষা হচ্ছে কি না, তা নিয়েও সম্মেলনে কথা বলবেন।
মনিরা শারমিন বলেন, সরকারের কার্যক্রমের সমালোচনাই তাদের একমাত্র লক্ষ্য নয়। বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার পক্ষে কাজ করতে চান তারা।
সদ্য সংবাদ/এজে