লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হারুনুর রশিদ। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদর উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর পৈতৃক বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সদ্য সংবাদ/এজে