রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবি বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে প্রতিবাদ জানাতে দলটি সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের অভিযোগের প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও কর্মসূচিতে তুলে ধরবে দলটি। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ ও মিছিলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
সদ্য সংবাদ/এজে