মৃত্যুবার্ষিকীতে আলোচনায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য: জজ সাহেব! এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬:১১
ছবি: সংগৃহীত

বিচার চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারককে উদ্দেশ করে দেওয়া একটি মন্তব্য মৃত্যুর ১১ বছর পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। নিজের বিচার চলার সময় তিনি বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’​

রোববার (২২ নভেম্বর) তার মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার সেই পুরোনো বক্তব্যের ভিডিও ও বিভিন্ন অংশ। বিশেষ করে একই ট্রাইব্যুনালে ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মন্তব্যটি নতুন করে আলোচনার জন্ম দেয়।

২০১৫ সালের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দীর্ঘ এক দশক পর ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজানে জন্ম নেওয়া এই রাজনীতিকের বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তার বিচার শুরু হয়। ২০১২ সালের ৪ এপ্রিল তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল তাকে নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে আপিল বিভাগেও সেই সাজা বহাল থাকে। ২০১৫ সালের ১৮ নভেম্বর রিভিউ আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। চার দিন পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। একই রাতে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারপ্রক্রিয়া নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে সমালোচনা ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আসামিপক্ষের সাক্ষী উপস্থাপনের সুযোগ সীমিত করার বিষয়ে আপত্তি জানিয়েছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, রাষ্ট্রপক্ষকে ৪১ জন সাক্ষী হাজির করার সুযোগ দেওয়া হলেও আসামিপক্ষের জন্য তা ছিল চারজন। অ্যালিবাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করার বিষয়টিও সমালোচিত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরায় তার পারিবারিক বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বজনরা।

মৃত্যুর ১১ বছর পর পুরোনো সেই বক্তব্য ঘিরে নতুন করে তৈরি হওয়া আলোচনা রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার, ট্রাইব্যুনালের ভূমিকা এবং পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে আবারও সামনে নিয়ে এসেছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী