বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সিসিটিভি নজরদারি ও নিয়মিত অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আসছে না স্বর্ণ চোরাচালান। বরং পাচারের নতুন নতুন কৌশল ব্যবহার করছে চক্রগুলো। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ঢাকা কাস্টমস হাউস।
বিমানকর্মীদের সহায়তায় স্বর্ণ পাচারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ঢাকা কাস্টমস হাউস। গত ২ নভেম্বর এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে সাম্প্রতিক তিনটি বড় চালানের তথ্য তুলে ধরেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. রইচ উদ্দিন খান।
চিঠিতে উল্লেখ করা তিনটি ঘটনায় মোট ২০৯টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের ওজন ২৪ কেজি ৩৭০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকার বেশি।
নথি অনুযায়ী, গত ৪ অক্টোবর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ৯ দশমিক ৪ কেজি ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
এর আগে ১ অক্টোবর বিমানকর্মী ওবায়দুর রহমানের শরীর তল্লাশি করে ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ১ কেজি ৫০ গ্রাম ওজনের এসব স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় ওই কর্মী ও এক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে সহকারী টেকনিক্যাল হেলপার মো. শোয়েব গাজীর শরীর থেকে ১২০টি স্বর্ণবার জব্দ করা হয়। এসব স্বর্ণের ওজন ছিল ১৩ দশমিক ৯২ কেজি।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বাইরেও অতীতে বিমানকর্মীদের মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট ফ্লাইট ব্যবহার করে স্বর্ণ পাচারের একাধিক ঘটনা ধরা পড়েছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকায় প্রবেশের অনুমতি এবং কাস্টমসের নিয়ন্ত্রণব্যবস্থা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
একই সঙ্গে বিমানকর্মীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকারের অপব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্বর্ণ চোরাচালানে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষের উচিত সংশ্লিষ্ট কর্মীদের বিষয়ে নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।
ওই কর্মকর্তা আরও বলেন, বিদেশে যাতায়াতকারী বিমানকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণে সমন্বিত ব্যবস্থা থাকা প্রয়োজন। অতীতে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও চোরাচালান বন্ধ হয়নি। তাই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে, বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের পরিসংখ্যানও উদ্বেগজনক। পুলিশ, শুল্ক বিভাগ ও ঢাকা কাস্টমস হাউসের নথি অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১০ বছরে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানসংক্রান্ত ৬৯৭টি মামলা হয়েছে।
অন্যদিকে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে দেশের বিমানবন্দরগুলো থেকে ১ হাজার ৯০২ কেজির বেশি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৭২৮ কোটি টাকা।
অর্থবছরভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রায় ৬৯৮ কেজি স্বর্ণ জব্দ হয়। পরের অর্থবছরে এ পরিমাণ ছিল ৫৫৫ কেজি। ২০২৩-২৪ অর্থবছরে ৪১৭ কেজি এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুন পর্যন্ত আরও ৬৩ কেজির বেশি স্বর্ণ জব্দ হয়েছে।
কাস্টমস গোয়েন্দাদের পর্যবেক্ষণে, সাম্প্রতিক বছরগুলোতে সাধারণত ২ থেকে আড়াই কেজির চালান বেশি ধরা পড়লেও চলতি বছর ১৫ কেজি বা তার বেশি ওজনের বড় চালানও উদ্ধার হচ্ছে। তবে তাদের ধারণা, মোট পাচারের মাত্র ১০ থেকে ২০ শতাংশ স্বর্ণ জব্দ করা সম্ভব হয়। বাকি অংশ নজরদারির বাইরে থেকে যেতে পারে।
গোয়েন্দাদের দাবি, পাচারকারীরা উড়োজাহাজের কার্গো হোল্ডের প্যানেল বক্স, টয়লেটের গোপন জায়গা এবং যাত্রী আসনের নিচের অংশে স্বর্ণ লুকিয়ে পরিবহন করছে। এসব সংরক্ষিত স্থানে প্রবেশ ও যন্ত্রাংশ খোলার সুযোগ সাধারণ যাত্রীদের না থাকায় অভ্যন্তরীণ কর্মীদের সহায়তার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে।
দেশে উড়োজাহাজ ব্যবহার করে বড় চালানে স্বর্ণ পাচারের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৩ সালের ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল, যা দেশের ইতিহাসে অন্যতম বড় চালান। ওই ঘটনায় তদন্ত শেষে বিমানের ১০ কর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।
এর পরের বছর, ২০১৪ সালের ২৫ মার্চ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আরেকটি ফ্লাইট থেকে ১০৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
একাধিক অভিযান ও মামলার পরও স্বর্ণ চোরাচালান অব্যাহত থাকায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
সদ্য সংবাদ/এজে