ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের সমালোচনামূলক বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে শেখ হাসিনার নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা যায় তাঁকে।
ছড়িয়ে পড়া অডিওতে মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথোপকথনের সময় মাহমুদা বেগম কৃককে বলতে শোনা যায়, দলটি শুধু শেখ হাসিনার একার নয়; এটি গড়ে তোলার পেছনে অন্যদেরও ভূমিকা রয়েছে। দলের ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠার সমালোচনাও করেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে নিজের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যে বেঁচে আছি এই তো বেশি।’ এ ছাড়া শেখ হাসিনার কাছ থেকে তাঁর আর কিছু পাওয়ার নেই বলেও মন্তব্য করেন।
অডিওতে আরও শোনা যায়, শেখ হাসিনা দেশের জন্য কিছু করতে পারবেন না বলে দাবি করেন মাহমুদা বেগম। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক অবস্থান ও দেশে ফিরতে না পারার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনের প্রেক্ষাপট এবং বক্তব্যের যথার্থতা নিশ্চিত হওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে