বাংলাদেশের ফুটবলে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ফিরবে বলে প্রত্যাশা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য হিসেবে এবারের আসরেও বাংলাদেশের সাফল্যের আশা করেছিলেন তিনি। তবে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় অভিজ্ঞতা তার রয়েছে। ২০২৬ সালে নতুন প্রজন্মের ফুটবলাররা সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাবে বলে আশা করেছিলেন। কিন্তু এবারও শিরোপার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ কাঙ্ক্ষিত ট্রফি জিতবে বলে আশাবাদী তিনি।
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হেরে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন। পুরো প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ও ফুটবল নিয়ে মানুষের আগ্রহকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সিড মানির আওতায় আনার বিষয়ে আবারও আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এতে সংগঠনটির ক্রীড়া কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে চ্যানেল ২৪-কে ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
প্রথমে ব্যাট করে ৫ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চ্যানেল ২৪। দলের পক্ষে সজীব ১৬ ও রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন নেন সর্বোচ্চ দুটি উইকেট।
জবাবে ৪ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। দলের হয়ে ২৭ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাজহারুল ইসলাম। আর পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।
ফাইনালের আগে অনুষ্ঠিত সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ বাংলাদেশ প্রতিদিনকে ১৩ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ও ওয়ালটনের প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।
সদ্য সংবাদ/এসএস