শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে দলটির নির্বাচনি দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, 'জামায়াতের সামনে এমন সুযোগ ভবিষ্যতে আর নাও আসতে পারে। দুর্নীতির অর্থ বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকতে পারে। এ বিষয়ে সজাগ থাকতে হবে।'
স্থানীয় প্রশাসনকে নির্বাচনে সম্পৃক্ত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'প্রত্যেকটা নির্বাচনি এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে, আর আপনাকে প্রোটোকল দেবে। টিএনও (ইউএনও) সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসেব যিনি নমিনি (জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী) তার থেকে খুঁজে বের করতে হবে।'
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, 'জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ছাড়া নির্বাচনে জয় পাওয়া কঠিন। ভোটারদের চাহিদা, সমস্যা ও অভিযোগ বুঝতে না পারলে সংগঠনের শক্তি দিয়েও সাফল্য আসবে না। আওয়ামী লীগ শুধু নিজস্ব লোক নিয়ে দেশ চালাতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলে জনঅসন্তোষের চাপে তাদের পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে।'