শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, 'কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে শনিবার তা ঢাকায় পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা অনুকূল থাকলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।'
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকেই খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার চলছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ সকাল পৌনে ১০টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। মাঝে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।