সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই দেশীয় গণমাধ্যমে তাঁর বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, অনেক গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। প্রয়োজন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।
তিনি বলেন, সরকার এ মুহূর্তে এ বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে না। তবে গণমাধ্যমের উচিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা হতে পারে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে বিভিন্ন মাধ্যমে মানুষ তা জানতে পারে। কিন্তু দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা কোনোভাবেই সমীচীন নয়।