ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, 'ভোটগ্রহণ শেষে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল গণনা করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।' তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোটগ্রহণ ও গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, 'ভোটগ্রহণ শেষে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল গণনা করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।'
তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোটগ্রহণ ও গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে। প্রতিটি পোস্টাল ভোট সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো ভোটই কেবল গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, 'গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।'
দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তিনি বলেন, 'দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, এতে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে দ্বৈত নাগরিকত্ব রেখে কেউ প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।'
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।