আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে মুদিদোকান, বিউটি পারলারসহ বিভিন্ন ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ভ্যাটের আওতায় আনার জন্য যেসব খাত বিবেচনায় রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মুদিদোকান, বিউটি পারলার, তৈরি পোশাক ও কাপড়ের দোকান, কনফেকশনারি, প্রসাধনসামগ্রীর বিক্রয়কেন্দ্র, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যার ব্যবসা, ডেকোরেটর প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট ও স্যানিটারি পণ্যের দোকান, টাইলস, ঢেউটিন, রড-সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্ট।
এ সময় অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট খাত থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। রাজস্ব আহরণ আরও বাড়াতে করের আওতা সম্প্রসারণ এবং নতুন খাত অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।