সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) ভূল্লী উপজেলায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দুপুরে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, মানুষের ক্ষুদ্র সঞ্চয়কে সম্মিলিতভাবে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে সমবায়। কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস ও জাতীয় অর্থনীতির অগ্রগতিতেও এ কার্যক্রম ভূমিকা রাখতে পারে। তাই সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক আশরাফুল হক।
সভাপতির বক্তব্যে ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম মাসুম বলেন, সমবায় কার্যক্রমকে জনমুখী করতে সমিতির সদস্যদের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও সমবায়ের সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে সমিতি পরিচালনা এবং নতুন উদ্যোক্তাদের এ কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় একটি কার্যকর উদ্যোগ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব। এ লক্ষ্য অর্জনে সমবায় আন্দোলনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কুমারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ব্যবসায়ী আব্দুল গফুর ও রইসুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
সদ্য সংবাদ/এজে