সাভারের বনগাঁওয়ে ওয়েস্টার্ন ভ্যালি আবাসন প্রকল্পকে কেন্দ্র করে জমি নিয়ে বিরোধ ক্রমেই জটিল হচ্ছে। প্রকল্পটির বিরুদ্ধে রাজউকের অনুমোদন ছাড়া জলাশয় ও কৃষিজমি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।
সম্প্রতি রাজউকের উচ্ছেদ অভিযানের পরও সেখানে আবার নির্মাণকাজ চালানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি জমি দখল, জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাভার থানায় চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের অভিযোগ, ওয়েস্টার্ন ভ্যালি আবাসন প্রকল্পের মালিক সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুদ্দিন সাইফুল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) উপেক্ষা করে ফসলি জমি ও জলাশয় ভরাটের মাধ্যমে ফ্লাড ফ্লো জোনে আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে।
এ বিষয়ে গত ১৭ অক্টোবর অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রকল্পের মূল ভবন ভেঙে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, অভিযান শেষ হওয়ার পর আবারও সেখানে নির্মাণকাজ শুরু হয়েছে। তাঁদের অভিযোগ, প্রশাসনের অভিযানের পরও এভাবে কাজ চলতে থাকায় এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ভুক্তভোগী থানায় পৃথক অভিযোগ জমা দিয়েছেন। তাঁদের মধ্যে জাবেদ আলী গত ১৮ অক্টোবর করা জিডিতে জমি দখল, মাটি ভরাট এবং জমি লিখে না দিলে মিথ্যা মামলায় জড়ানো ও সামাজিক-ব্যবসায়িক সুনাম নষ্ট করার হুমকির কথা উল্লেখ করেছেন।
এ ছাড়া কাজী মো. সামসুল আলম, মো. শাহজালাল শাহ ও মো. ফয়সাল হোসেনও পৃথক জিডি করেছেন। তাঁদের অভিযোগ, নিজেদের জমি জোরপূর্বক লিখে দিতে চাপ প্রয়োগের পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রতিবাদ করলে রাজনৈতিক মামলায় ফাঁসানো, কারাগারে পাঠানো এবং এলাকা ছাড়তে বাধ্য করার হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের এসব অভিযোগের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা জমির নিরাপত্তা এবং নিজেদের জানমাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাইফুদ্দিন সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একদিকে রাজউকের উচ্ছেদ অভিযান, অন্যদিকে পুনরায় নির্মাণকাজ শুরুর অভিযোগ এবং জমি দখল ও হুমকির ঘটনায় চারটি জিডি সব মিলিয়ে ওয়েস্টার্ন ভ্যালি প্রকল্প ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
সদ্য সংবাদ/এসএস