রাজশাহী নগরীতে যুবদল নেতা মো. সাঈদুল ইসলামের চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুটি ককটেল পাওয়া গেলেও এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।
বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। তাঁরা ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। পরে চেম্বারের সামনে দুটি ককটেল দেখতে পান। ঘটনাস্থলটি চন্দ্রিমা থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে।
যুবদল নেতা সাঈদুল ইসলাম জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি এক ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পর চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণের খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেন।
তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, ঘটনার সময় তিনি ট্রেনে ঢাকায় ছিলেন। নেতাকর্মীরা তাঁকে ঘটনার ভিডিও ও বিস্তারিত তথ্য জানিয়েছেন। বিস্ফোরণের পর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। রাজশাহীতে পৌঁছে পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহমুদুল হাসান জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এজে