মেট্রোরেল থেকে গন্তব্যে যেতে মিনিটে ১ টাকায় সাইকেল, কমবে রিকশার ব্যবহার

এ
এলেন বিশ্বাস (ঢাকা প্রতিনিধি)
১১ নভেম্বর, ২০২৬ ১৫:২৬:৫৮
ছবি: সদ্য সংবাদ

মেট্রোরেলে করে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছানোর পর আশপাশের এলাকায় যাতায়াতে নতুন সুযোগ তৈরি হয়েছে। রিকশার ওপর নির্ভরতা কমাতে সেখানে চালু হয়েছে ভাড়ায় সাইকেল ব্যবহারের ব্যবস্থা। প্রতি মিনিটে এক টাকা ভাড়ায় সাইকেল চালানোর এ সুবিধা দিচ্ছে বাইসাইকেল শেয়ারিং প্রতিষ্ঠান জোবাইক।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির আওতায় গত ৫ নভেম্বর স্টেশনটির নিচে সেবাটি চালু করা হয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কার্যক্রম শুরুর পর থেকে প্রায় ১ হাজার ৩০০ জন অ্যাপ ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করেছেন। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি রাইড সম্পন্ন হচ্ছে। প্রতিটি রাইড সাধারণত ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত চলে।

সাইকেল ব্যবহারের প্রক্রিয়াও বেশ সহজ। প্রথমে গুগল প্লে স্টোর থেকে জোবাইকের অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর, নাম ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে হয়। এরপর অ্যাপের মাধ্যমে সাইকেলের কিউআর কোড স্ক্যান করে আনলক করতে দিতে হয় ২ টাকা। সাইকেল চালানোর জন্য প্রতি মিনিটে ভাড়া এক টাকা। সে হিসাবে আধা ঘণ্টার যাত্রায় মোট খরচ ৩২ টাকা। অথচ একই পথে রিকশায় যাতায়াত করতে অনেক ক্ষেত্রে ৪০ থেকে ৫০ টাকা গুনতে হয়।

নতুন এই সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। তবে সাইকেল আনলক করার সময় ইন্টারনেট সংযোগজনিত জটিলতা এবং হেলমেট না থাকার বিষয়টি নিয়েও উদ্বেগ জানিয়েছেন কেউ কেউ।

নিয়মিত ব্যবহারকারী তারিকুল ইসলাম তমাল জানান, অ্যাপে নিবন্ধনের প্রক্রিয়া সহজ হলেও সাইকেল আনলক করতে কখনো নেটওয়ার্ক সমস্যায় পড়তে হয়। তবে কম খরচে উত্তরা এলাকার বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুবিধা থাকায় সেবাটি বেশ কার্যকর বলে মনে করেন তিনি। তাঁর মতে, এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থী ও চাকরিজীবীরা এ সুবিধা থেকে উপকৃত হবেন। সাইকেলের প্যাডেল কিছুটা শক্ত মনে হলেও চলাচলের জন্য এলাকাটি তুলনামূলক নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হানিফ বলেন, বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে সময় কাটিয়ে ভালো লেগেছে। তবে দীর্ঘ সময় চালালে কিছুটা ক্লান্তি আসে। তাঁর পরামর্শ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি পার্কিং স্টেশন স্থাপন করা হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের মতে, সাইকেল সেবাটি চালু হওয়ায় স্টেশন থেকে কাছাকাছি গন্তব্যে যেতে রিকশার বিকল্প পাওয়া গেছে। আগে যেখানে রিকশায় ৪০ থেকে ৫০ টাকা খরচ হতো, সেখানে প্রায় ১০ মিনিট সাইকেল চালিয়ে অনেক কম খরচে পৌঁছানো সম্ভব। তবে সাইকেলগুলো বৈদ্যুতিক হলে ব্যবহার আরও সুবিধাজনক হতো বলে মনে করেন তিনি।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা জানান, সাইকেলগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি সাইকেলের অবস্থান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব। তাঁর মতে, নিয়মিত সাইকেল চালানো একদিকে যেমন স্বল্প দূরত্বে যাতায়াতের খরচ কমায়, অন্যদিকে শারীরিক সুস্থতার জন্যও ইতিবাচক।

সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ—এই তিনটি মেট্রোরেল স্টেশনে ৫০টি করে মোট ১৫০টি সাইকেল চালুর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। যাত্রীদের ব্যবহার ও চাহিদা বিবেচনায় পরবর্তী সময়ে অন্য স্টেশনেও কার্যক্রম সম্প্রসারণ এবং পার্কিং সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য শিগগিরই উন্নতমানের হেলমেট সরবরাহ করা হবে।

মেট্রোরেলকেন্দ্রিক যাতায়াত ব্যবস্থায় সাইকেল শেয়ারিংয়ের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে সেবার ধারাবাহিকতা, নিরাপত্তা এবং ব্যবহারকারীদের চাহিদা পূরণের ওপর।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি