কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়কের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতা থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলাম। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবেও পরিচিত। অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে বিদ্যালয়ে দেখা যায়নি। অথচ হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে তাঁর বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রাখা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে বিদ্যালয়টিতে অফিস সহায়ক হিসেবে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম তাঁর মামা। এই আত্মীয়তার সম্পর্ক কাজে লাগিয়ে প্রধান শিক্ষক তাঁকে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা পাওয়ার সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থী-অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়টিতে সরেজমিন তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
তদন্তের সময় অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। শিক্ষার্থীরাও জানায়, আগে তাঁকে বিদ্যালয়ে পিয়ন হিসেবে দেখলেও সরকার পরিবর্তনের পর থেকে আর আসতে দেখেনি। প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও তারা জানায়।
স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহজামাল, নান্নু মিয়া ও মানিক মিয়াসহ কয়েকজনের অভিযোগ, বিদ্যালয়টি প্রধান শিক্ষক তাঁর পরিবারের সদস্যদের প্রাধান্য দিয়ে পরিচালনা করছেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষকসহ তাঁর পরিবারের ছয়জন সদস্য বিভিন্ন পদে বিদ্যালয়টিতে কর্মরত রয়েছেন। এর মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীর পদও রয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী অবশ্য জানিয়েছেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে আর নিয়মিত দেখা যাচ্ছে না।
অভিযোগকারী শাহ আলমের ভাষ্য, দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নজরুল ইসলাম বেতন-ভাতা নিচ্ছেন। প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় স্বাক্ষর দেখিয়ে এ সুবিধা নেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
অন্যদিকে, নজরুল ইসলাম পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের সময় প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম দাবি করেন, অফিস সহায়ক নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কেন আসছেন না—এমন প্রশ্নে প্রধান শিক্ষক জানান, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি দেখতে চাইলে সেটি বাড়িতে রয়েছে বলে জানান তিনি। বিদ্যালয়ে তাঁর ছয়জন আত্মীয়ের কর্মরত থাকার অভিযোগের বিষয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, সরেজমিন তদন্তে অফিস সহায়ককে অনুপস্থিত পাওয়া গেছে। এ সময় বিদ্যালয় থেকে হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে