কুমিল্লার তিতাসে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়। ঘটনার সময় সংসদ সদস্যও অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল হোসেনের উদ্যোগে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে একই গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দের সমর্থকেরা সেখানে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় নেতারা সংসদ সদস্যকে দ্রুত বিদ্যালয়ের অফিসকক্ষে সরিয়ে নেন। পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সংঘর্ষে জামাল হোসেন গুরুতর আহত হন। দুই পক্ষের আহত অন্তত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। সংসদ সদস্য চলে যাওয়ার পর মাগরিবের নামাজের আগে জামাল হোসেনের ক্ষুব্ধ সমর্থকেরা এমদাদ হোসেন আখন্দের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে বেশ কিছুদিন ধরে জামাল হোসেন ও এমদাদ হোসেন আখন্দ নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তাঁদের সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ ছাড়া উপজেলা ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এমদাদ হোসেন আখন্দকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে তাঁকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানিয়েছেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এজে