ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ী ও কালিয়াকৈর এলাকার ১৭টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ২৭টি কারখানায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কারখানাগুলোতে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙানো রয়েছে। কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিক এসব নোটিশ দেখে ফিরে যান।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ আশপাশের শিল্প এলাকাগুলোতে এ পরিস্থিতি দেখা গেছে।
অন্যদিকে, সোমবার সকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কোনাবাড়ীর দুটি কারখানায় নতুন করে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রম আইন ১৩(১) ধারায় ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া ২৭টি কারখানায় সাধারণ ছুটি কার্যকর করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ কারখানাগুলোতে আবারও উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে। বর্তমানে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত নতুন করে অন্য কোনো এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এসএস