নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির রাজধানী ইসলামাবাদে নারীদের জন্য ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যেই চালু হতে পারে এই সেবা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর নতুন বাস সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সিডিএ। বাসগুলো চীন থেকে আমদানির পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ায় দেশটির প্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) সহযোগিতা নেওয়া হবে।
বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। এসব বাসে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। তবে ব্যস্ত সময়ে নারীদের জন্য আসন পাওয়া কঠিন হয়ে পড়ায় আলাদা বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে জানিয়েছেন, পিংক বাস চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটির জন্য বোর্ডের অনুমোদন চেয়ে প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন মিললে বাস আমদানির পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
প্রাথমিকভাবে নতুন বাসগুলো বর্তমান বৈদ্যুতিক বাসের রুটেই চলবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় পরবর্তী সময়ে নতুন রুটও যুক্ত করা হতে পারে।
এদিকে রাজধানী ইসলামাবাদে পর্যটকদের আকৃষ্ট করতে আরও একটি পরিবহন প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। চারটি ডাবল ডেকার বাস দিয়ে শহরজুড়ে পর্যটন সেবা চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
প্রস্তাবিত এ সেবায় প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ একটি ভ্রমণপথ থাকবে। এফ-৯ পার্ক থেকে যাত্রা শুরু করে ফয়সাল মসজিদ, লোক বিরসা ও শাকারপারিয়ানের মতো দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।
ডাবল ডেকার বাস প্রকল্পের প্রাথমিক অনুমোদনও পেয়েছে সিডিএর বোর্ড ও ডেভেলপমেন্ট ওয়ার্কিং পার্টি। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন বাস সার্ভিস চালুর প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নারীদের জন্য পিংক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: ডন
সদ্য সংবাদ/এসএস