লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পণ্য সংগ্রহের আশায় সকাল থেকে ইউনিয়ন পরিষদে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত পণ্যবাহী গাড়ির দেখা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, গোতামারী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আগে তিনটি পৃথক স্থানে টিসিবির পণ্য বিতরণ করা হতো। কিন্তু এবার পুরো ইউনিয়নের জন্য বিতরণকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে শুধু ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ।
এতে সকাল থেকেই পণ্য কেনার আশায় সেখানে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকার মানুষ। তবে দীর্ঘ সময় পেরিয়ে দুপুর ২টা বাজলেও পণ্যবাহী গাড়ি না পৌঁছানোয় বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে দুর্ভোগে পড়েন নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ।
ভুক্তভোগীদের ভাষ্য, নয়টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য একটিমাত্র বিতরণকেন্দ্র নির্ধারণ করায় যাতায়াতে বাড়তি চাপ তৈরি হয়েছে। তার ওপর নির্ধারিত সময়ে পণ্য না আসায় অপেক্ষার ভোগান্তি আরও বেড়েছে।
এ অবস্থায় আগের মতো একাধিক স্থানে পণ্য বিতরণের ব্যবস্থা এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে সাধারণ মানুষকে এমন দুর্ভোগে পড়তে হতো না।
সদ্য সংবাদ/এজে