একনেকের সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প পাস

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:৩১:৫৪
ছবি: সংগৃহীত

গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, পানি নিষ্কাশন, সেচসুবিধা সম্প্রসারণ এবং মহাসড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন খাতের ১৬টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা জোগান দেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য নেওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণেও অনুমোদন দিয়েছে একনেক। ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে সরকার ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা দেবে। বাকি ১০ কোটি টাকা জোগান দেবে ঢাকা ওয়াসা। প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পাওয়া সাতটি প্রকল্পের মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিলেট বিভাগের চার জেলায় এ খাতে ব্যয় হবে ৫ হাজার ১০৬ কোটি টাকা। এ ছাড়া বৃহত্তর যশোর জেলার অবকাঠামো উন্নয়নে অনুমোদন পেয়েছে ২ হাজার ১৯৯ কোটি টাকার প্রকল্প।

একই মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

নদীভাঙন থেকে জনপদ ও অবকাঠামো রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করা হবে।

এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ থেকে আসবে।

কৃষি খাতের উন্নয়নে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসনসংক্রান্ত অবকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।

সড়ক যোগাযোগ খাতেও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নত মান ও প্রশস্ততায় নির্মাণে ব্যয় হবে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা। অন্যদিকে মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী