গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী কলেজে গিয়ে এ ব্যানার লাগান। পাশাপাশি কলেজের দাপ্তরিক কার্যক্রমে আগের নাম ব্যবহারের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অনুরোধ জানান তাঁরা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে যান। সেখানে তাঁরা কলেজের নাম পরিবর্তনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
নেতাকর্মীদের দাবি, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। এ কারণে কলেজের আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ পুনরায় ব্যবহারের আহ্বান জানান তাঁরা। পরে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পুরোনো নামসংবলিত ব্যানার টানিয়েছেন। কলেজের সব দাপ্তরিক কাজে আগের নাম ব্যবহার এবং বিভিন্ন স্থানে থাকা বর্তমান নাম পরিবর্তনের কথাও বলেছেন তাঁরা। তবে এ সময় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তিনি এখনো কোনো অভিযোগ বা তথ্য পাননি। বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
সদ্য সংবাদ/এসএস