থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোছাদ্দেক হোসেন বাবলু।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাঁকে ঢাকা থেকে রংপুরে নিয়ে যায় মহানগর পুলিশের একটি দল। পরে তাঁকে কোতোয়ালি থানায় রাখা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি হিসেবে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বাবলুকে আটক করে। পরে রংপুর মহানগর পুলিশকে বিষয়টি জানানো হলে একটি দল ঢাকায় গিয়ে তাঁকে সড়কপথে রংপুরে নিয়ে আসে।
পুলিশ জানায়, মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এসব মামলার মধ্যে একটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। বাকি দুটি মামলা তদন্তাধীন রয়েছে।
ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে বাবলু আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
সদ্য সংবাদ/এজে