দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, দেশের বাইরে থাকা পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তবে গুম, খুন ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এমন পরিস্থিতিতে একটি গোষ্ঠী দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে নেমেছে। দীর্ঘ ১৭ বছর যারা বন্দুকের মুখে মানুষকে দমিয়ে রেখে ক্ষমতা পরিচালনা করেছে, তাদের সেই রাজনীতি জনগণ আর গ্রহণ করবে না।
বিগত সরকারের নির্বাচনী ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও কেন তিস্তা ও পদ্মা ব্যারাজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়নি, সেই জবাবও দিতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, মানুষ হত্যা কিংবা ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা দেশপ্রেমের পরিচয় হতে পারে না। জনগণ এখন নিরাপদ জীবন, গণতান্ত্রিক অধিকার এবং নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়। ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো গণতন্ত্রের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে আবারও এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী তৎপরতা আর সহ্য করা হবে না। তাবেদারি শক্তির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট 'এনাফ ইজ এনাফ'।
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি জনসভায় উত্তরাঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারপ্রধান। তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এসব খাল তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারেন।
এ ছাড়া চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
উত্তরাঞ্চলের জ্বালানি সংকট নিরসনে আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালুর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান, শিক্ষা ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস