চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক নেতার বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে প্রথমে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসভবনের একটি অব্যবহৃত কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
একই রাতে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায়। রাত আনুমানিক ১১টার দিকে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে, সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।
পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস