সুনামগঞ্জের তাহিরপুরে ধান কাটতে গিয়ে একটি মেছো বিড়ালের সন্ধান পেয়েছেন কৃষকেরা। পরে প্রাণীটিকে আটক করে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে খাঁচায় রাখা হয়েছে। তবে বন্যপ্রাণীটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কেউ কেউ প্রাণীটিকে মেছোবাঘ বলে প্রচার করলেও এটি মেছো বিড়াল বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন মিয়া জানান, ঘটনার দিন ৩০ থেকে ৪০ জন কৃষক মিলে একটি জমিতে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ তাঁদের চোখে পড়ে প্রাণীটি। পরে সম্মিলিতভাবে সেটিকে আটক করে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে একটি লোহার খাঁচায় রাখা হয়েছে প্রাণীটিকে।
হুমায়ুন মিয়া বলেন, আটকের পর থেকে প্রাণীটি তেমন কিছু খাচ্ছে না। রাতে খাঁচার সামনে বিস্কুট, মাছ ও মাংস দেওয়া হলেও সামান্য মাছ ছাড়া অন্য খাবার গ্রহণ করেনি। বন্যপ্রাণীটিকে বাড়িতে রাখায় তিনি নিজেও দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত বন বিভাগের কর্মকর্তারা এসে এটি নিয়ে গেলে স্বস্তি পাবেন বলে জানান তিনি।
এদিকে, প্রাণীটি দেখতে হুমায়ুন মিয়ার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
তাহিরপুরের দায়িত্বপ্রাপ্ত বনবিট কর্মকর্তা রুবেল আহমেদ জানান, খবর পাওয়ার পর বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বিড়ালটি উদ্ধার করে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
সদ্য সংবাদ/এজে