বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে থাকা তেল ও গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে দেশের উপকূলে জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি, জ্বালানি খাতে বিনিয়োগ এবং দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন স্পিকার। একই সঙ্গে সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে অভিহিত করেন তিনি।
জবাবে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস