সুনামগঞ্জে ডায়াবেটিস রোগীদের বিশেষায়িত চিকিৎসার জন্য নির্মিত ৫০ শয্যার হাসপাতালটি এখনো চালু হয়নি। ভবন নির্মাণ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সরবরাহ না করায় সেখানে রোগী ভর্তি কিংবা চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হচ্ছে না। প্রায় ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে।
জেলার ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান চালু না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হাসপাতাল ভবন নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হলেও চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে। এমনকি সন্ধ্যার পর হাসপাতাল এলাকায় মাদকসেবীদের আনাগোনার অভিযোগও উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতি ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ২০২০ সালের মার্চে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। ১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও বিভিন্ন কারণে তা বিলম্বিত হয়। অবশেষে ২০২৫ সালে ভবন নির্মাণ সম্পন্ন হয়।
তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও ভবন নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। সীমানাপ্রাচীর ও মেঝের কয়েকটি স্থানে ফাটলসহ বিভিন্ন ত্রুটি থাকায় শর্তসাপেক্ষে ভবনটি গ্রহণ করে ডায়াবেটিস সমিতি। কিন্তু ভবন বুঝে পেলেও হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা-যন্ত্রপাতি ও আসবাবপত্র এখনো হস্তান্তর করা হয়নি। ফলে জনবল নিয়োগ এবং চিকিৎসা কার্যক্রম শুরুর বিষয়টিও ঝুলে আছে।
হাসপাতালের জন্য জমি দাতা পরিবারের সদস্য মো. সাদেক খন্দকার বলেন, ভবন নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও হাসপাতাল চালু না হওয়া দুঃখজনক। এটি চালু হলে জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বড় সুবিধা তৈরি হতো। তাই দ্রুত কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা রহমত মিয়া বলেন, হাসপাতাল নির্মাণ করা হলেও চিকিৎসার সরঞ্জাম ও আসবাবপত্র না থাকায় মানুষ কোনো সেবা পাচ্ছে না। উপরন্তু, সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। বিষয়টি উদ্বেগজনক।
আরেক বাসিন্দা বিল্লাল মিয়া জানান, উন্নত চিকিৎসার জন্য জেলার অনেক রোগীকে সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। এতে বাড়তি খরচের পাশাপাশি রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতালটি চালু হলে সেই চাপ অনেকটাই কমত।
স্থানীয় বাসিন্দা সজিব মিয়াও দ্রুত হাসপাতাল চালুর দাবি জানিয়েছেন। তাঁর মতে, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি কার্যকর না হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না।
এ বিষয়ে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনোওয়ার আলী জানান, হাসপাতালের নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটি সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। এসব সরঞ্জাম পাওয়া গেলে দ্রুত হাসপাতালের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, জনবল নিয়োগ ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হলে হাসপাতালটি চালু করা সম্ভব নয়। তাই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত চিকিৎসাসেবা চালুর জন্য কার্যকর পদক্ষেপ চান সুনামগঞ্জের বাসিন্দারা।
সদ্য সংবাদ/এজে