শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত এবং তাদের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির সাজেকে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে বিভিন্ন বয়সী শিশুর পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজনে শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝরণা চাকমা।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা ও সুন্দর শৈশব নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব। এ জন্য শিশুদের ওপর সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং সব ধরনের বৈষম্য প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে। তাই তাদের মানসম্মত শিক্ষা, নিরাপত্তা এবং সুস্থভাবে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ব শিশু দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব সমাজ গঠনের প্রত্যয় তুলে ধরা হয়।
সদ্য সংবাদ/এজে