নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়ির দিঘীনালায় ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা সেমিনার কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এম পাওয়ারমেন্ট প্রকল্প ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ম্যানেজার শ্বশতী চাকমা এবং উপজেলার সাবেক প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা।
উদ্বোধনী বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তৃণমূল উন্নয়ন সংস্থার ম্যানেজার শ্বশতী দেওয়ান বলেন, নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে সমাজের সব স্তরে সচেতনতা প্রয়োজন। নারী ও পুরুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নারীর শিক্ষা, মতামতের মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে নীরব না থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে শ্বশতী দেওয়ান বলেন, নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে। তাঁকে দোষারোপ না করে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে উৎসাহিত করতে হবে। আয়োজকেরা জানান, নারী নির্যাতন প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ১৬ দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে