বিপদে মানুষের পাশে দাঁড়ানোই যে প্রকৃত মানবিকতা, তা যেন বারবার প্রমাণ করছে একদল তরুণ। কখনো লঞ্চে স্বামীহারা এক নারীর অসহায়ত্ব দূর করতে, আবার কখনো সড়ক দুর্ঘটনায় আটকে পড়া শিশুকে উদ্ধারে এগিয়ে এসেছে তারা। তাদের এমন মানবিক কর্মকাণ্ডে গর্বিত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দুটি ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। সদ্য সংবাদের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
ফেসবুক পোস্টে ওয়ালিদ ইসলাম জানান, গতবার ভোলা থেকে ফেরার পথে একটি লঞ্চের ভেতর এক ব্যক্তি মারা যান। এ সময় মৃত ব্যক্তির স্ত্রী স্বামীর মরদেহ নিয়ে চরম বিপাকে পড়েন। তিনি লঞ্চের সারেংকে বারবার অনুরোধ করছিলেন, কাছের কোনো ঘাটে যেন তাঁদের নামিয়ে দেওয়া হয়। তা না হলে সকাল পর্যন্ত মরদেহ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
কিন্তু ওই নারীর অনুরোধে প্রথমে সাড়া দেননি লঞ্চের সারেং। লঞ্চটি চলতেই থাকে। এদিকে লঞ্চের ভেতরে নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়াও কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে ওয়ালিদ ইসলাম নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও লঞ্চের অবস্থান জানাতে পারছিলেন না।
এ অবস্থায় তিনি তাঁর সঙ্গে থাকা তরুণদের সারেংকে বুঝিয়ে বলার কথা জানান। কিন্তু তাঁরা ওয়ালিদ ইসলামকে একটি কক্ষে আটকে রেখে নিজেরাই সারেংয়ের সঙ্গে কথা বলেন। তাঁদের চাপ ও অনুরোধে শেষ পর্যন্ত সারেং ভোলাগামী অন্য একটি লঞ্চের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই লঞ্চে মরদেহসহ পরিবারের সদস্যদের তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
তবে এখানেই শেষ হয়নি ঘটনাটি। তরুণেরা স্বামীহারা ওই নারীকে সারেংয়ের কাছে নিয়ে গিয়ে বলেন, এই মানুষটিই তাঁর জন্য এমন ব্যবস্থা করেছেন, তাই তাঁকে ধন্যবাদ জানাতে। এরপর ওই নারী সারেংকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং প্রাণভরে দোয়া করেন। তাঁর আবেগঘন প্রতিক্রিয়ায় কেঁদে ফেলেন সারেংও।
তার ভাষ্য অনুযায়ী, সারেং তখন তাঁর কাছে ক্ষমা চেয়ে বলেন, ভবিষ্যতে মানুষের এমন বিপদে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবেন।
এছাড়াও মানিকগঞ্জের কল্যাণপুর চরে যাওয়ার পথেও একই তরুণদের মানবিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপনের বিষয় উল্লেখ করে তিনি লিখেন, তাঁদের সঙ্গে থাকা তরুণদের গাড়িটি তাঁদের গাড়ির প্রায় ৪৫ মিনিট আগে ছিল। জ্বালানি নেওয়া ও জুমার নামাজের কারণে তাঁরা পেছনে পড়ে যান। পরে যাত্রা শুরুর চার-পাঁচ মিনিটের মধ্যেই দেখতে পান, সামনে ডান পাশে একটি সেলফি পরিবহনের গাড়ি খাদে পড়ে আছে।
বিষয়টি তিনি ফোন করে আগে যাওয়া তরুণদের জানান এবং গাড়িটি থামাতে বলেন। জবাবে তাঁরা জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে ওপরে তোলা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। তবে একটি শিশু গাড়ির ভেতরে আটকে থাকায় তাকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। শিশুটিকে উদ্ধারের পরই তাঁরা সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নেন।
দুটি ঘটনার বর্ণনা দিয়ে ওয়ালিদ ইসলাম লেখেন, মাঝেমধ্যে তাঁর এই তরুণদের নিয়ে এতটাই গর্ব হয় যে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
সদ্য সংবাদ/ এরআর