প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো, উৎপাদন বাড়ানো এবং খামারিদের আধুনিক ব্যবস্থাপনায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে জামালপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শহরের পুরাতন পুলিশ লাইন মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমীন এবং জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর।
আলোচনায় বক্তারা বলেন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামার পরিচালনায় আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও খামারিদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।
তাদের মতে, প্রাণিসম্পদের টেকসই বিকাশ নিশ্চিত করা গেলে নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ বাড়বে এবং দেশের সামগ্রিক পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজক সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সদ্য সংবাদ/এজে