সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম এলাকাসহ রাতে সার্বক্ষণিক নজরদারিতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন, নাইট ভিশন ডিভাইস, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, সিলেট সেক্টরের অধীনে থাকা তিনটি ব্যাটালিয়ন উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষায় কাজ করছে। এর মধ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৯০ কিলোমিটার। এই এলাকায় ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাতের টহল এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সীমান্তের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে টহলের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের নৌযান ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)। নদী, হাওর, পাহাড়ি অঞ্চল এবং সাধারণ যানবাহন চলাচলের অনুপযোগী এলাকাতেও এসব যান দিয়ে নজরদারি চালানো হচ্ছে।
এদিকে চলতি বছরে সিলেট সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযান ও বিশেষ টহলে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, এসব অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়েছে।
এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে ১৬৩ জনকে।
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিচ্ছে বিজিবি। এ জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক তৎপরতা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।
বিজিবি আরও জানায়, সীমান্ত অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস