নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকাসহ তিন শহরে চালু করা হয়েছিল বিআরটিসির বিশেষায়িত পিঙ্ক বাস সার্ভিস। তবে চালুর তিন মাস না যেতেই যাত্রী সংকটে পড়েছে এই উদ্যোগ। নির্ধারিত সময়ের বাইরে বাসগুলোতে যাত্রী মিলছে না বললেই চলে। এতে আয়-ব্যয়ের ব্যবধান বাড়ছে, প্রতিদিনই গুনতে হচ্ছে লোকসান।
গত ১৮ আগস্ট ঢাকায় ১০টিসহ তিন শহরে মোট ১৪টি পিঙ্ক বাসের যাত্রা শুরু হয়। শুরুতে নারীদের জন্য বিশেষ এই পরিবহনসেবা নিয়ে আগ্রহ তৈরি হলেও বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে অফিস ছুটির সময়েও কয়েকটি রুটে যাত্রীসংখ্যা থাকছে হাতেগোনা।
বিআরটিসির হিসাব বলছে, গত আড়াই মাসে ১৪টি বাস পরিচালনায় সরকারের লোকসান হয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। টিকিট বিক্রির অর্থ থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতনসহ পরিচালন ব্যয় মেটানোর পর এই ঘাটতি তৈরি হয়েছে। মাসিক হিসাবে গড়ে লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, নারী যাত্রীদের চাহিদা দিনের নির্দিষ্ট কিছু সময়ে সীমাবদ্ধ থাকায় বাকি সময় বাস পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন যেখানে আয় হচ্ছে ৫০ থেকে ৫১ হাজার টাকা, সেখানে ব্যয় ছাড়িয়ে যাচ্ছে এক লাখ টাকা। ফলে অধিকাংশ বাস পরিচালনায় ভর্তুকি দিতে হচ্ছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চেয়ারম্যানের ভাষ্য, নারীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্যও বাস চলাচলের সুযোগ তৈরি করা গেলে আয় বাড়তে পারে। একই সঙ্গে আগামী মার্চে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে আরও ৫০টি আধুনিক বৈদ্যুতিক বাস। এর মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বাসও থাকবে।
তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু নারীদের জন্য আলাদা বাস চালু করলেই গণপরিবহনে নারীদের যাতায়াতের সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং সব ধরনের গণপরিবহনে নিরাপত্তা, শৃঙ্খলা ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ মনে করেন, গণপরিবহন সবার জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী করা গেলে নারী-পুরুষ নির্বিশেষে যাত্রীরা উপকৃত হবেন। এতে বাসের যাত্রীসংখ্যা বাড়ার পাশাপাশি পরিবহন পরিচালনাও আর্থিকভাবে টেকসই হতে পারে।
অন্যদিকে, পিঙ্ক বাসের লোকসান কমাতে নারীদের পাশাপাশি পুরুষ সহযাত্রী পরিবহনের বিষয়টিও বিবেচনা করছে বিআরটিসি।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া বিশেষ এই উদ্যোগ কতটা কার্যকর ও টেকসই হবে, তা নির্ভর করছে যাত্রীসংকট কাটানো এবং পরিচালনব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর।
সদ্য সংবাদ/এজে