বগুড়ার ধুনটে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নয়ন ইসলাম (৪৮) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নয়ন ইসলাম অলোয়া গ্রামের আজিবর শেখের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিল বের করার অভিযোগ রয়েছে। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়ানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে একই বছরের ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নয়ন ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরে মথুরাপুর বাজার থেকে নয়ন ইসলামকে আটক করা হয়। পরে শনিবার তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।
সদ্য সংবাদ/এসএস