সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়ার পর গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ বা স্থগিত করা হয়েছে। আর্থিক লেনদেন পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অস্বাভাবিক লেনদেনের কারণে জেলাটিতে বিপুলসংখ্যক এমএফএস হিসাবের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তবে স্থগিত করা হিসাবগুলো পুনরায় কবে চালু হবে, কিংবা কত দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর কয়েক দিন পর টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি সড়ক অবরোধের কারণে জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়।
এসব ঘটনার পেছনে অর্থায়ন ও উসকানির অভিযোগ সামনে আসার পর আর্থিক লেনদেনের ওপর নজরদারি বাড়ানো হয়। পুলিশের পক্ষ থেকেও এ ধরনের কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগের কথা জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় সন্দেহজনক লেনদেন শনাক্ত এবং অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে গত বুধবার গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বিপুলসংখ্যক হিসাব স্থগিতের ঘটনায় জেলার এমএফএস ব্যবহারকারীদের মধ্যে এ সেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস