রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাস ও সংঘাতের কারণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পর দেশে আবারও অস্থিরতা তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।
রোববার (২৯ নভেম্বর) বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিদেশে অবস্থানরত কোনো রাজনৈতিক ব্যক্তির কারণে দেশে সহিংসতা ও নৈরাজ্য চালানোর যৌক্তিকতা নেই। এ ধরনের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।
ডিজাবের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে যায়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনী ও সামগ্রিক ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রতিরক্ষা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরের সম্ভাবনাময় নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বাড়ানোর পরামর্শ দেন।
বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত এই আদর্শ পাহাড় ও সমতলের মানুষের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করার ধারণা দেয়। তাঁর মতে, দেশের বাস্তবতায় এই আদর্শ গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস