বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের মাহতাব। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস