সুনামগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আমিরুল ইসলাম। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। বিদায়ী পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবাগত পুলিশ সুপার আমিরুল ইসলাম।
নতুন এসপি কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।
আমিরুল ইসলাম ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
নবাগত এই পুলিশ সুপারের বাড়ি নওগাঁ জেলায়। রোববার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।
সদ্য সংবাদ/এসএস