দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে জামানত ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ সম্প্রসারণের বিষয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কার্যালয়ে উদ্যোক্তাদের ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে বিসিকের বর্তমান অবদান প্রায় ২৫ শতাংশ। এই অংশগ্রহণ বাড়িয়ে ৬০ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করে এগোতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছেন। বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে শিল্প ও উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
এসএমই খাতের সক্ষমতা বাড়াতে বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি বিসিকের ঋণ কর্মসূচির অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা ইতিবাচক।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় একযোগে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে নতুন উদ্যোক্তা রয়েছেন ২৭৬ জন। তাদের দেওয়া হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা।
এ ছাড়া আগামী পাঁচ বছরে বিসিকের চলমান তিনটি ঋণ কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা বিতরণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের আওতায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
সদ্য সংবাদ/এজে