অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের আরও ছয় দিন সময় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ বা জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক করদাতা প্রবেশ করায় সার্ভারে জটিলতা তৈরি হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবরের ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে।
করদাতাদের এ সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ফলে নতুন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিলে অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না।
সদ্য সংবাদ/এজে