বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে নিজের ফ্যাশন ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন প্রতিযোগী ও দর্শকদের।
সম্প্রতি সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মাহি। ছবিতে হলুদ রঙের ফ্লোর-লেংথ গাউনে দেখা যায় তাকে। পোশাকটির ফুলহাতা নকশার পাশাপাশি কোমরের অংশে পাথরের কারুকাজ রয়েছে। কাঁধে ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।
শুধু একক ছবিই নয়, আরও চার দেশের প্রতিযোগীর সঙ্গে এক ফ্রেমেও দেখা গেছে বাংলাদেশের এই প্রতিনিধিকে। তারা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।
ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন মাহি। ক্যাপশনে তিনি জানান, মিস ইউনিভার্সের এই যাত্রায় প্রতিটি মুহূর্ত, ছবি ও অভিজ্ঞতা তার কাছে বিশেষ। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে প্রতিযোগিতার অফিশিয়াল ফ্যান ভোটিং শুরু হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে দেশবাসীর কাছে ভোট ও সহযোগিতা চেয়েছেন মাহি।
গত ৭ নভেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে ২০২৬ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে মাহির মাথায় মুকুট পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে শিরিন শিলা ২০১৯ সালে, আনিকা আলম ২০২৪ সালে এবং তানজিয়া জামান মিথিলা ২০২৫ সালে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
আয়োজকদের সূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। সেখানে মাহির পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন দেশের সৌন্দর্যপ্রেমী ও ভক্তরা।
সদ্য সংবাদ/এজে