যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আরঅ্যান্ডবি ও ডিস্কো সংগীতের দল ‘ফার্স্ট চয়েস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী রোচেল ফ্লেমিং-ফিনি আর নেই। গত ৫ নভেম্বর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ৭২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রোচেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যবস্থাপক জর্জ কোরেইরা। শিল্পীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তাঁর প্রয়াণের বিষয়টি জানানো হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, সংগীতের মাধ্যমে রোচেল মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা ও হাসি ছড়িয়ে দিয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেষকৃত্যের আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
যেভাবে জনপ্রিয় হয়ে ওঠে ‘ফার্স্ট চয়েস’
স্কুলজীবন থেকেই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন রোচেল। হাইস্কুলে পড়ার সময় গেস্ট ও ওয়ার্ডেল পাইপারকে নিয়ে ‘ডেবোনেটস’ নামে একটি সংগীত দল গড়ে তোলেন তিনি। পরবর্তী সময়ে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ফার্স্ট চয়েস’। সদস্যদের পরিবর্তনের মধ্য দিয়ে দলটির পথচলা অব্যাহত থাকে। একপর্যায়ে গেস্ট ও পাইপার দলটি ছেড়ে চলে যান।
১৯৭৩ সালে প্রকাশিত ‘আর্মড অ্যান্ড এক্সট্রিমলি ডেঞ্জারাস’ গানটি দলটিকে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি বিলবোর্ডের আরঅ্যান্ডবি চার্টে ১১ নম্বরে, হট ১০০ তালিকায় ২৮ নম্বরে এবং যুক্তরাজ্যের সংগীত তালিকায় ১৯ নম্বরে জায়গা করে নেয়।
এরপর ‘স্মার্টি প্যান্টস’, ‘ডক্টর লাভ’ এবং ‘লেট নো ম্যান পুট অ্যাসান্ডার’ গানগুলোর মাধ্যমেও শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায় দলটি।
প্রায় এক দশকের পথচলা শেষে ১৯৮০ সালে ভেঙে যায় ‘ফার্স্ট চয়েস’। তবে দলটির জনপ্রিয় গান এবং রোচেল ফ্লেমিংয়ের কণ্ঠ আরঅ্যান্ডবি ও ডিস্কো সংগীতের শ্রোতাদের কাছে তাঁকে স্মরণীয় করে রাখবে।
সদ্য সংবাদ/এজে