সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদগুলোতে নারীদের নামাজ আদায়ের সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে শহরের বিভিন্ন মসজিদে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। নতুন ব্যবস্থায় মদিনার ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদেও নারীদের নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহারের সুযোগ থাকবে।
এর আগে অনেক মসজিদে নারীদের জন্য বরাদ্দ স্থান নির্দিষ্ট কিছু সময়েই চালু রাখা হতো। বিশেষ করে জুমার নামাজ, তারাবিহ, ঈদের নামাজ এবং দর্শনার্থীদের চাপ বেশি থাকা মৌসুমে এসব স্থান ব্যবহারের সুযোগ মিলত। ফলে অন্য সময়ে নারীদের নামাজ আদায়ের জন্য বিকল্প ব্যবস্থা করতে হতো।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজেই নারীরা মসজিদে নির্ধারিত স্থানে ইবাদত করতে পারবেন। এতে মদিনায় বিভিন্ন কাজে বাইরে থাকা নারীদের জন্য নামাজ আদায় আরও সহজ হবে। চাকরি, ব্যবসা, কেনাকাটা কিংবা ভ্রমণের সময় নামাজের জন্য আলাদাভাবে বাসায় ফেরার প্রয়োজনও কমবে।
তবে এই নতুন ব্যবস্থার আওতায় থাকছে না মসজিদে নববী। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক ও নির্ধারিত নামাজের স্থান রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও তদারকিতেও নারী কর্মীদের সম্পৃক্ত করা হয়েছে। ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের জন্য নির্ধারিত স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে মদিনায় অবস্থানরত নারী মুসল্লিদের জন্য মসজিদে নিয়মিত নামাজ আদায়ের সুযোগ আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস