পরীক্ষায় ভালো ফল করে বাবার কাছ থেকে পাওয়া গেল স্বপ্নের বিলাসবহুল গাড়ি! ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে ছেলের সাফল্যে আনন্দিত হয়ে তাকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের একটি গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী। গাড়িটির দাম প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা (২ কোটি ৩০ লাখ রুপি)।
ওই ব্যবসায়ীর নাম সামসুদ্দিন মিদ্যা। তাঁর ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সিবিএসই কারিকুলামে নবম শ্রেণিতে পড়ে। সম্প্রতি অনুষ্ঠিত ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বাবাকে খুশি করেছে সে। ছেলের দীর্ঘদিনের বিএমডব্লিউ কেনার ইচ্ছাও পূরণ করেছেন সামসুদ্দিন।
ছেলের ফল প্রকাশের পর গাড়ি কিনতে মুম্বাইয়ে যান সামসুদ্দিন। আন্ধেরির একটি নামকরা শোরুম থেকে পছন্দের বিএমডব্লিউটি কেনার পর বিশেষ কন্টেনারবাহী ট্রাকে করে গাড়িটি নিয়ে আসেন পূর্ব বর্ধমানে। গত শুক্রবার সবুজ রঙের বিলাসবহুল গাড়িটি পৌঁছায় গলসিতে।
গাড়ির প্রতি সামসুদ্দিনের আগ্রহ নতুন নয়। চাল ব্যবসার পাশাপাশি তাঁর রয়েছে চারটি রাইস মিল। চীন ও ভিয়েতনামেও চাল রপ্তানি করেন তিনি। ব্যক্তিগত সংগ্রহে আগে থেকেই রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্র থর ও হুন্ডাই আলকাজারের মতো দামি গাড়ি।
নতুন গাড়িটির নম্বর প্লেটেও রেখেছেন বিশেষত্ব। নিজের অন্যান্য গাড়ির সঙ্গে মিল রেখে বিএমডব্লিউটির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’ রাখার ব্যবস্থা করেছেন তিনি। এ জন্যও উল্লেখযোগ্য অর্থ খরচ করেছেন ব্যবসায়ী এই বাবা।
তবে ১৫ বছর বয়সী তালহা এখনই গাড়িটি নিজে চালাতে পারবে না। ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়কে গাড়ি চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সে। আপাতত পড়াশোনায় মনোযোগ দিতে চায় তালহা। তবে সপ্তাহে একদিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে তার।
ছেলের জন্য এত দামি গাড়ি কেনার কারণ জানতে চাইলে সামসুদ্দিন বলেন, ‘ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা বিএমডব্লিউ চাই। তাই কিনে দিলাম।’
ছেলের ভালো ফলাফলের আনন্দ উদ্যাপন এবং তার বহুদিনের ইচ্ছা পূরণ করতেই এই ব্যতিক্রমী উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সদ্য সংবাদ/এসএস