নোয়াখালীর সুবর্ণচরে ৫০টি ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মো. মাসুদ নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদসহ তিনজনকে আটক করে। এ ঘটনার পর শনিবার রাতে দলীয় সিদ্ধান্তে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা। তিনি জানান, শুক্রবার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
উপজেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মাসুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদার সিদ্ধান্তে তাঁর বহিষ্কার কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত।
এদিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পরপরই সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসএস