বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটির মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দেশটির অবস্থান জানতে চান সাংবাদিকরা। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গও উঠে আসে।
জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। এ বিষয়ে নয়াদিল্লির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রত্যাশা হলো একটি ইতিবাচক, গঠনমূলক ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক যোগাযোগের ভিত্তিতেই এ সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা নিয়ে আলোচনা চলছে। এ পরিস্থিতির পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানও চলমান অস্থিরতার জন্য সীমান্তের ওপারের ইঙ্গিতের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন।
সদ্য সংবাদ/এজে