দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। শনিবার জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এ তথ্য জানায়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির রাজধানী দিলি থেকে প্রায় ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বে বান্দা সাগরে। ভূপৃষ্ঠের প্রায় ১১৭ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের প্রভাবে রাজধানী দিলি ও আশপাশের উপকূলীয় অঞ্চলে কম্পন অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগরসংলগ্ন এলাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেটের পারস্পরিক সংঘর্ষ ও নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ঘটে।
সূত্র: রয়টার্স ও এএফপি
সদ্য সংবাদ/এসএস